জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে চলমান আন্দোলনে হামলা ও তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে হলের গেইট ভেঙে মিছিলে বেরিয়ে পড়েছেন ছাত্রীরা।
রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের মিছিল ছাত্রীদের হলের কাছে গেলে ছাত্রীরা হলের গেইটের তালা ভেঙে বেরিয়ে এসে মিছিলে যোগ দেন।
ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, প্রীতিলতা হল, সুফিয়া কামাল হল, জাহানারা ইমাম হল ও ফয়জুন্নেছা হলের গেইট ভেঙে মিছিলে যোগ দেন।
এসময় বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখান করে বিভিন্ন স্লোগান দেন তারা।
ছাত্রীরা বলছেন, হল বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ ও তা প্রত্যাখানে তারা হলের গেইট ভাঙছেন। একই সাথে বিক্ষুব্ধ ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদ ও উপাচার্যের অপসারণ চাইছেন।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে আন্দোলনকারীদের অবরোধের মাঝে হামলা চালায় শাখা ছাত্রলীগ। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ প্রায় ৩৫ জন আহত হন।
হামলার ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের জরুরী এক সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন।
তবে প্রশাসনের এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও উপাচার্যের দুর্নীতি আড়ালের হাতিয়ার বলে এর প্রতিবাদে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সাথে সাধারণ শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর প্রায় তিন মাস যাবত উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন একদল শিক্ষক-শিক্ষার্থীরা। এই আন্দোলনের অংশ হিসেবে গত ১১দিন বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন তারা। সোমবার সন্ধ্যায় একটি মিছিল নিয়ে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
বার্তাবাজার/ডব্লিওএস