জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের মারধর ও লাঠিচার্জ করে পুলিশ। এরছাড়াও রাবি ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ শুভকে আটক করে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় রাবি প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকালে এ ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন।
আটককৃত শিক্ষার্থী আব্দুল্লাহ শুভ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক বলে জানা গেছে।
অন্যদিকে আহত হয়েছেন রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, ছাত্র অধিকার সংরক্ষণের যুগ্ম-আহ্বায়ক ও ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোর্শেদ আলম, আরবি বিভাগের মাজহারুল ইসলাম, রাবি শাখা ছাত্রফ্রন্টের সভাপতি রিদম শাহরিয়ার। তাদের রাবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরাই পুলিশের ওপর হামলা করেছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।
রাবি প্রক্টর ড. লুৎফর রহমান জানান, এ বিষয়ে আমি কিছু জানি না।
বার্তাবাজার/ডব্লিওএস