ময়মনসিংহে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কর পরিদর্শক মোকসেদ আলী ও অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো: ফারুক আহম্মেদ জানান, পুলিশের সাবেক উপ-পরিদর্শক আব্দুল জলিলকে নগরেরর আকুয়া ও অবসরপ্রাপ্ত কর পরিদর্শক মোঃ মোকসেদ আলীকে পুরোহিতপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক উপ-সহকারি পরিচালক সাধন চন্দ্র সূত্রধর জানান, ৩১ লাখ ৫৭ হাজার ৪৬০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অজর্নের অভিযোগে দুদক আইন ২৬ (২) ও ২৭ (১) ধারায় মোকসেদ আলীকে গ্রেফতার করা হয়। অবসরপ্রাপ্ত এসআই আব্দুল জলিলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৫৭ লাখ ৬৯ হাজার ৪৮২ টাকার সম্পদ অজর্নের অভিযোগে দুদক আইন ২৭ (১) ও ১০৯ ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর মোকসেদ আলীর বিরুদ্ধে এবং ২৫ ফেব্রুয়ারি কোতোয়ালী মডেল থানায় আব্দুল জলিলের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই দুই মামলার তদন্ত শেষে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
বার্তাবাজার/ডব্লিওএস