চট্টগ্রামের দুর্ধর্ষ আসামি কিরিচ বাবুলের ছেলে নিয়াজ গ্রেফতার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও ১৭ বছরের সাজাপ্রাপ্ত ২৭ মামলার তালিকাভুক্ত আসামি দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলের ছেলে সামিউল হক কাজেমী প্রকাশ নিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে বাকলিয়া থানাধীন মাস্টারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্য মতে মাস্টারপুলে কিরিচ বাবুল ও তার ছেলেদের পরিচালিত টর্চার সেলে অভিযান চালিয়ে একটি এলজি, দুইটি ছুরি, একটি কিরিচ, বেশ কয়েকটি লোহার রড ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পু্লিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, “বাকলিয়া এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলের ছেলে সামিউল হক কাজেমী প্রকাশ নিয়াজকে মঙ্গলবার ভোরে মাস্টারপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে টর্চার সেলের তথ্য ও সেখানে অস্ত্র-মাদক রয়েছে বলে জানায় নিয়াজ। বিকেলে নিয়াজকে নিয়ে মাস্টারপুলে অভিযান চালিয়ে তাদের টর্চার সেল থেকে একটি এলজি, দুইটি ছুরি, একটি কিরিচ, বেশ কয়েকটি লোহার রড ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

উল্লেখ্য, গত বছর ১০ই ডিসেম্বর বাকলিয়া থানার মোস্তফাবাগ আবাসিক এলাকা হতে কিরিচ বাবুলকে গ্রেফতার করে পুলিশ। যার পরবর্তী সময়ে গত ২৫ মে নগরের বাকলিয়া থানার নবাব খাঁ কলোনির নয়া রাস্তা খালের পুল এলাকা থেকে কিরিচ বাবুলের দুই ছেলে মো. আছিবুল হক কাজেমী প্রকাশ হাসান (২০) ও মো. রাকিবুল হক কাজেমী প্রকাশ রুবেলকে (২৪) ছুরিসহ গ্রেফতার করেন নগর গোয়েন্দা পু্লিশের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন।


বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর