ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের ১৮টি শ্যালো মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী সমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান অবৈধবালু জব্দ এবং বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে।

একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার সমেশ্বরী নদীর তাওয়াকুচা ও শ্রীবরদী উপজেলার খাড়ামোরা গ্রামের আংশিক স্থানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, বিজিবি ও ঝিনাইগাতী থানার পুলিশসহ ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ বালু জব্দ করে এবং সেই সাথে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ১৮টি শ্যালো মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেরে সংঘবদ্ধ অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

ছবি: বার্তা বাজার

একটি নির্ভরযোগ্য সূত্র ‘বার্তা বাজার’ অনলাইনকে জানিয়েছে ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশ ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেষা সমেশ্বরী নদী থেকে কতিপয় অবৈধ বালু উত্তোলনকারীরা দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছিল। মঙ্গলবার তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সমন্বয় গঠিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদেরকে না পাওয়ার কারণে ওই মেশিন গুলো ধ্বংস করা হয়েছে। উত্তোলিত বালু এখনও পরিমাপ করা হয়নি। পরে সার্ভেয়ার নিয়ে বালু পরিমাপ করা হবে।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর