চট্টগ্রামে চাকরি দেয়ার নামে প্রতারণা: এক যুবক গ্রেফতার

চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবক গ্রেফতার

সরকারি বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদ আজিজুল ইসলাম প্রকাশ আজিজ (৩২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজিজ নিজেকে মন্ত্রীপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ শফিউল আলমের নিকটাত্মীয় ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন বলে জানিয়েছে পুলিশ।

পু্লিশ জানায়, আজিজ বিভিন্ন বেকার যুবকদের যুবতীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ সরকারি পদে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করতেন ও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। ভুক্তভোগীরা চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর হুমকি দিতেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, নিজেকে মন্ত্রীপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ শফিউল আলমের নিকটাত্মীয় ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদ আজিজুল ইসলাম প্রকাশ আজিজ নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

ওসি নেজাম উদ্দিন আরো বলেন, নাহিম হাসান নামে এক যুবককে সরকারি চাকরি দেওয়ার কথা বলে ২ লাখ টাকা হাতিয়ে নেন আজিজুল ইসলাম আজিব। অনেক ঘোরাঘুরির পর চাকরি না পেয়ে অবশেষে নাহিম হাসান আজিজের নিকট টাকা ফেরত চাইলে আজিজ নাহিমকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর হুমকি দেন। নাহিম সাহস করে আজিজের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে প্রতারক আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ও প্রথম বিয়ের কথা গোপন রেখে প্রতারণার মাধ্যমে আজিজুল ইসলাম আজিজ এক আইনজীবীকেও বিয়ে করার কথা স্বীকার করে জানান ওসি নেজাম উদ্দিন।

গ্রেফতার মোহাম্মদ আজিজুল ইসলাম প্রকাশ আজিজ পটিয়া উপজেলার মনসারটেক এলাকার নুরুল আলমের ছেলে।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর