আমি বিশেষভাবে কৃতজ্ঞ ছাত্রলীগের কাছে: জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে তার বাসভবন অবরোধ করে আন্দোলনকারীরা। আজ দুপুর ১২ টায় উপাচার্যপন্থিদের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর হামলা চালায় বলে দাবি করেছে আন্দোলনকারীরা । এসময় সাংবাদিকসহ ৩৫ জন আহত হওয়ার অভিযোগ উঠে। এসময় আন্দোলনকারীদের উপাচার্যের বাসা থেকে সরিয়ে দিয়ে ভিসিকে পুরাতর রেজিস্ট্রারে নিয়ে যায় ছাত্রলীগ ।

এদিকে উপাচার্যে মদদেই হামলা হয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীর।
সেখানে এক সংবাদ সম্মেলনের উপাচার্য বলেন, আমি কৃতজ্ঞ সকল ছাত্র-ছাত্রীদের কাছে, বিশেষ করে ছাত্রলীগের কাছে। তারা দায়িত্ব নিয়ে এই কাজটি করেছে।”

তিনি আরো বলেন, “আমার জন্যে এটা অত্যন্ত আনন্দের একটি দিন। এই কারণে যে মিথ্যা অভিযোগের ভিত্তিতে যারপরনাই আমাকে অপদস্থ করা হয়েছে। অসম্মান করা হয়েছে। কিন্তু, কোনো প্রমাণ ছাড়াই। যদি প্রমাণ পায় তাহলে যা বিচার হবে আমি মেনে নিবো।”

তিনি আরও বলেন, “আমি মনে করি দেশে একটা জাগরণের সময় এসেছে এবার যে, আমরা সত্য কথা বলার কোনো জায়গা পাবো কী না? তখনই পাবো যখন মানুষ জেগে উঠবে। আজকে সেই মানুষের জেগে উঠা আমরা দেখেছি। আমি কৃতজ্ঞ আমার সহকর্মীদের কাছে, আমি কৃতজ্ঞ আমার কর্মকর্তা-কর্মচারীদের কাছে ।

তিনি আরও বলেন, “ওদের মধ্যে যা হওয়ার হয়েছে, এটিকে আপনি হামলা বলতে পারেন, আমি বলবো না। তাহলে আমার বাড়িতে আমাকে আটকে রেখে, আমার বাড়িতে অন্যান্য সদস্য আছে, শিশু আছে দুবছরের, উনার বাড়িতে আছেন একজন বৃদ্ধা ৮০ বছরের, তো আমাদেরকে যে হামলা করা হচ্ছে, আমাদের যে গালিগালাজ করা হচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা বাইরে যেতে পারছি না। এটি হামলা নয়?”

“শুধু শারীরিক ধাক্কাধাক্কি কী হামলা হলো নাকি, তারা যে বলছে হামলা করেছে। আমি বলবো- আমি মর্মাহত,” যোগ করেন অধ্যাপক ফারজানা ইসলাম।

ছাত্রলীগের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো বিষয়ক প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, “কারণ ছাত্র হিসেবে ওরা (ছাত্রলীগ) এতোদিন ধরে ধৈর্য রেখেছে। ওরা কিন্তু তখন মাঠে নামেনি। কিন্তু, শিবির যখন এর (আন্দোলন) সঙ্গে জড়িত হয়ে গেছে, তখন প্রতিবাদ করাকে আমি মনে করি, তারা যথাযথ ভূমিকা পালন করেছে।”

আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাবিষয়ক এক প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, “এটি গণঅভ্যুত্থান, আমি বলেছি। আমার কোনো নির্দেশে তারা করেনি। হামলা সেখানে হয়েছে, হামলা এখানেও হতে পারে। যদি হামলা হয়ে থাকে, সেটি প্রক্টর দেখবে।”

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর