চট্টগ্রামে সিডিএ’র উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম জামালখান খালের ওপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সেনাবাহিনীর সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমেদ মঈনুদ্দীন বলেন, খালের ওপর অবৈধভাবে গড়ে উঠা প্রায় ১০০টি স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। স্থাপনার মধ্যে নামি দামি অনেক টাওয়ার ও রেস্টুরেন্টও রয়েছে।

উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসের নয় তারিখ চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা চুক্তি সিডিএ।

এরপর সেনাবাহিনীর সহায়তায় শহরের বিভিন্ন এলাকায় খালের উভয় পাশে রিটেইনিং ওয়াল, রাস্তা নির্মাণ ও নিচু ব্রিজগুলো ভেঙে উঁচু করার কাজ শুরু করে। পাশাপাশি খাল থেকে ময়লা পরিষ্কার কার্যক্রমসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

ডিপিপি অনুযায়ী গৃহীত এ মেগা প্রকল্পের ব্যয় ধরা হয় ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকা। তিন বছর মেয়াদি এ প্রকল্পে প্রাথমিক পর্যায়ে ৩৬ খালের মাটি অপসারণসহ ৩০০ কিলোমিটার নতুন ড্রেন নির্মাণের লক্ষ্য নির্ধারণ সহ ২০২০ সালের মধ্যে নগরে ৩৬টি খাল খনন, খালের পাশে ১৭৬ কিলোমিটার প্রতিরোধক দেয়াল, ৮৫ কিলোমিটার সড়ক, ৪২টি সিল্ট ট্র্যাপসহ নানান অবকাঠামো নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর