ধাওয়ানকে দুই ম্যাচের আল্টিমেটাম

ম্যাচ হারলে বরাবরই তা মেনে নিতে পারেন না ভারতীয় দর্শকরা। বাংলাদেশের কাছে ঘরের মাঠে হারটাও সহজে মেনে নিতে পারছেন না তারা। ম্যাচের বিভিন্ন পয়েন্ট নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। চুপ নেই সাবেক ক্রিকেটাররাও।

ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে এক প্রকার আল্টিমেটামই দিলেন সুনীল গাভাস্কার। ভালো পারফরম্যান্স না করলে তাকে জাতীয় দলে বয়ে বেড়াবে না ভারত এমন ইঙ্গিত দিয়েছেন সাবেক এ ক্রিকেটার।
সাবেক ভারতীয় ওপেনার এবং অধিনায়ক মনে করেন, ভারত এভাবে খেলতে থাকলে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ জিততে পারবে না। একই সঙ্গে র‍্যাংকিং-এ উপরে ওঠার ব্যাপারেও কথা বলেন তিনি।

স্পোর্টস টক’কে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, আইসিসির টি-২০ র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান পাঁচে। তারা যদি র‌্যাংকিংয়ে ২/৩ এর মধ্যে আসতে পারে তবে বিশ্বকাপে বড় কিছু ম্যাচে জিততে পারবে। আর যদি আসতে না পারে, ভারতের জন্য ২০২০ সালের টি-২০ বিশ্বকাপ জেতা সহজ হবে না। দিল্লির হার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

শিখর ধাওয়ানকে নিয়ে হতাশা প্রকাশ করেন সাবেক এই ভারতীয় ওপেনার। তিনি বলেন, শিখর ধাওয়ান সামনের দুই ম্যাচে ভালো ব্যাটিং করতে না পারলে তাকে নিয়ে প্রশ্ন উঠে যাবে। যদি সে ৪০-৪৫ বল খেলে একই রকম রান করে তাহলে দল তার থেকে উপকৃত হবে না। এটা নিয়ে তাকেই ভাবতে হবে। ক্রিকেটে কিছুটা বিরতি দিয়ে ফিরলে ছন্দে ফিরতে অবশ্য কিছুটা সমস্যা হয়। তবে ভালো না খেললে দলে রাখার প্রয়োজন নেই।

ম্যাচ হারার কারণ হিসেবে ডট বলকে দায়ী করেন সুনীল। তিনি বলেন, এই ম্যাচের অনেক বিষয়ই আপনি ভুলে যেতে পারবেন না। প্রথমে ব্যাট করা ভারত অনেক বেশি ডট বল খেলেছে। সে তুলনায় পরে ব্যাট করা দল ডট বল খেলেছে অনেক কম। যতটুকু মনে পড়ছে প্রথম ইনিংসে ভারত ৫৫টির মতো ডট বল (আসলে ৪৫ টি) দিয়েছে। আমার মতে, যা খুবই বেশি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর