নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় আনিসুল হককে জিজ্ঞাসাবাদ

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার নিহতের ঘটনায় কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দুর্ঘটনার পর কিশোর আলো, অনুষ্ঠান না চালানোর যে দাবি করেছে তাকে মিথ্যা বলে অভিহিত করেছে পরিবার।

মৃতদেহ হাসপাতালে রেখে যথারীতি কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠান চালিয়ে যাওয়া নিয়ে ঘটনার দিনই ক্ষোভ প্রকাশ করে ছিল ঘটনার প্রত্যক্ষদর্শী আবরারের কয়েকজন সহপাঠী ও পরিবার।

পরে এক বিবৃতিতে কিশোর আলোর সম্পাদক আনিসুল হক এ অভিযোগ প্রত্যাখ্যান করেন। তবে, গ্রামের বাড়িতে আবরারের মৃতদেহ দাফন শেষে ঢাকায় ফিরেই কিশোর আলো সম্পাদকের বক্তব্য পাল্টা প্রত্যাখ্যান করলো পরিবার।

আবরারের বাবা ছেলের মৃত্যুতে দায়ীদের বিচার দাবী করেছেন। তিনি বলেন, তাদের ক্রুটির জন্য একটি ছেলের প্রাণ গেছে। অবশ্যই এর একটা তদন্ত হোক, বিচার হোক।

এদিকে, এ ঘটনায় কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তিনি বলেন, সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন আনিসুল হক। দায়িত্বে আরো অনেকে ছিলেন। আমরা তদন্ত করে দেখছি কিভাবে দুর্ঘটনা ঘটলো।

এদিকে নাইমুল আবরারের মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতেই কিশোর আলো কনসার্ট চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই ৮ নভেম্বরের প্রীতিসম্মেলনসহ প্রতিষ্ঠাবার্ষিকীর সব অনুষ্ঠান বাতিল করে পত্রিকার পাতায় আগাম ঘোষণা দেয় প্রথম আলো কর্তৃপক্ষ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর