জনপ্রিয় অনলাইন পোর্টাল বার্তা বাজারে ধামরাইয়ে অবৈধ ড্রেজার চালানো বিষয় নিয়ে প্রতিবেদন করার মাত্র এক সপ্তাহের ভিতরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে। সোমবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার মোট ৫টি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বার্তা বাজারে ‘ধামরাইয়ে অবৈধ ড্রেজারের ছড়াছড়ি, ভেঙ্গে যাচ্ছে নদীর পাড়, বিলীন হচ্ছে কৃষিজমি (ভিডিও সহ)’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয় ( http://bartabazar.com/archives/80815)। পরে এই প্রতিবেদক ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক এর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে উপজেলা প্রশাসন সোমবার (০৪ নভেম্বর) অভিযান পরিচালনা করে অবৈধ ৫টি ড্রেজার এবং বালু উত্তোলনে ব্যবহৃত হোস পাইপগুলো পুড়িয়ে দেয়।

প্রসঙ্গত আরও উল্লেখ্য, উপজেলার বালিয়া ইউনিয়নের টেটাইল ও আমতা ইউনিয়নের বড় জেঠাইলে সিন্ডিকেট করে একটি মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। এই বিষয় নিয়ে বার্তা বাজারে ভিডিও সহ প্রতিবেদন প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ এবং বালু উত্তোলন কাজে ব্যবহ্নত মেশিন ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেটের অন্তরা হালদার বলেন, আমতা ইউনিয়নের বড় জেটাইলে অভিযান পরিচালনা করি। অবৈধ বালু উত্তোলনের জন্য পাঁচটি মেশিন ধ্বংস করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
এব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক বার্তা বাজারকে জানান, উপজেলার বালিয়া এবং আমতা ইউনিয়নে কয়েকজন অবৈধ ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করে আসছে এমন সংবাদ গণমাধ্যমে এলে আজ উক্ত জায়গাগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ৫টি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়।
তিনি আরও জানান, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে নদীর পাড় ভেঙ্গে গিয়ে কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং সরকার হারায় বিপুল পরিমাণ রাজস্ব। এজন্য এই ব্যাপারে উপজেলা প্রশাসন ‘জিরো-টলারেন্স’ নীতিতে থেকে ধামরাই উপজেলার কোথাও কোনো অবৈধ ড্রেজার মেশিন যাতে চলতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবে।
বার্তা বাজার/এম.সি