লক্ষ্মীপুরে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় হত্যার উদ্দেশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায় আহত রুবেল বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে সোমবার সদর উপজেলা পৌর নগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত যুবক রুবেলকে উদ্ধোর করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সে ওই এলাকার গাজী সর্দার বাড়ীর আনচুর আলীর ছেলে ও ক্ষুদ্র মাছ ব্যবসায়ী।
অভিযোগ সূত্রে জানাগেছে, বিবাদীরা রুবেলের বাড়ীর সামনে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে। প্রতিদিনের ন্যয় সোমবার বিক্রি করার সময় বাধা দেয় রুবেল। এতে স্থানীয় মাদক ব্যবসায়ী মৃত মতলবের ছেলে রাশেদ, মৃত আমিন উল্যাহর ছেলে জাবেদ ও মৃত আকবরের ছেলে মজিদ। মারধর করে এবং প্রাণে মারার হুমকি দেয়।
এর পর ওইদিন রাতেই রুবেলকে দা চেনি দিয়ে কুপিয়ে জখম করে একই সন্ত্রাসীরা। এসময় থানায় মামলা করলে পরিবারের সবাইকে কুপিয়ে হত্যা করবে বলে হুমকি দেয় তারা। এসব ঘটনা লক্ষ্মীপুর র্যাব-১১ সিপিসি-১ কেও অবহিত করেন ভুক্তভোগী রুবেল ও তার পরিবার।
লক্ষ্মীপুর সদর থানা অফিসার ইনচার্জ মোঃ আজীজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
এদিকে ওই সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় লোকজন। তাদের মাদক বেচাকেনা নিয়ে বাঁধা দিলেই নেমে আসে অমানুষিক নির্যাতন। এসব সন্ত্রাসীদের আতংকে মুখ খুলতে কেউ রাজি নয়। দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবী জানান ভুক্তভোগীরা।
বার্তাবাজার/এমকে