ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ বিভাগসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তি-ইচ্ছুকদের জন্য ফ্রি ভ্যান সার্ভিস দিয়েছে ময়মনসিংহ বিভাগ ছাত্রকল্যাণ পরিষদ,ইবি।
এছাড়া রাতভর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তি-ইচ্ছুকদের সেবা দানের লক্ষ্যে স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও ছাত্রলীগ নেতা এ,বি,এম রিজওয়ান উল ইসলাম।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের জন্য এ ফ্রি ভ্যান সার্ভিস চালু করা হয়। এর পাশাপাশি পরীক্ষার্থীদের বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য ২০ জন স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হয়েছে। এসময় স্বেচ্ছাসেবকদের মাঝে টি-শার্ট তুলে দেয়া হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র জনাব ইকরামুল হক টিটু এবং ইবির সাবেক ছাত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট জনাব শাহ মনজুরুল হকের পৃষ্ঠপোষকতায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।
সার্বিক বিষয়ে ময়মনসিংহ বিভাগ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও ইবি শাখা ছাত্রলীগ নেতা এ বি এম রিজওয়ান উল ইসলাম বলেন, ময়মনসিংহ বিভাগ থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের স্বাগতম জানাই এবং তাদের সকল ধরনের সহযোগিতার জন্য ময়মনসিংহ বিভাগ ছাত্রকল্যাণ পরিষদ সবসময় পাশে থাকবে। ভর্তি-ইচ্ছুদের আবাসন সমস্যাসহ সকল সমস্যা সমাধানে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি বলে জানান তিনি।
বার্তাবাজার/এমকে