বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রদের দুটি ছাত্রাবাসে অছাত্র ও বহিরাগতদের ধরতে গভীর রাতে পুলিশ নিয়ে তল্লাশি চালিয়েছে হল প্রশাসন।
সোমবার দিবাগত রাত দেড়টা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার ইলাহী হলে এ অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী বলেন, অছাত্র ও বহিরাগতদের ধরতে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা মধ্যরাতে পুলিশ নিয়ে দুই হল তল্লাশি করেন। দীর্ঘ সময় তল্লাশি করে বহিরাগত দুই যুবককে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
এদিকে, গভীর রাতে প্রশাসনের আকস্মিক অভিযানে ক্ষুব্ধ দুটি হলের আবাসিক শিক্ষার্থীরা। তাদের দাবি, আতঙ্ক সৃষ্টি ও আবাসিক ছাত্রদের হয়রানি করতেই এ তল্লাশি অভিযান। যেহেতু তারা আসন্ন ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছুদের হলে রাখার দাবি জানিয়ে আসছে তা দমাতেই তল্লাশির নামে গভীর রাতে এ ভীতিকর অভিযান চালানো হয়েছে।
অপরদিকে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের দাবি, ভর্তি পরীক্ষাকে সামনে রেখে হলে অছাত্র ও বহিরাগত নিয়ন্ত্রণেই এ অভিযান চালানো হয়, কোনো হয়রানির উদ্দেশে নয়।
তল্লাশির বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ কমিটির সদস্য সচিব ও বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ তাবিউর রহমান প্রধান বলেন, হলের শৃঙ্খলা ফেরাতে অছাত্র ও বহিরাগতদের বিরুদ্ধে এ শুদ্ধি অভিযান। এটি নিয়মিত কার্যক্রমেরই অংশ।
সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আতিউর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
বার্তাবাজার/এমকে