মানিকগঞ্জ সদর উপজেলায় ব্লেন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। গেল শনিবার রাতে উপজেলার গিলন্ড গ্রামে মুন্নু টেক্সটাইল লিমিটেডের প্রকৌশল বিভাগের ইনচার্জ ইব্রাহীম হোসেনের বাসায় এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন, ইব্রাহীম হোসেনের স্ত্রী আসমা বেগম (৫০), ছেলে আরিফ হোসেন (১৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৮)।
তাদের প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, গেল শনিবার রাত সাতটার দিকে ব্লেন্ডার চালানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়।
এতে আসমা বেগমের শরীরের ৯০ শতাংশ, মেয়ের ৮০শতাংশ ও ছেলের শরীরের ৬০ শতাংশ ঝলসে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি