ইলিশ শিকার শুরুর পাঁচ দিনের মাথায় বরিশালের পাইকারি বাজারে কমেছে সরবরাহ। প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে ১৫০ টাকা পর্যন্ত। এদিকে প্রজনন মৌসুম শেষে ইলিশ সাগরে ফিরে যাওয়ায় সরবরাহ কমেছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।
ইলিশ ধরা বন্ধের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ৩১ অক্টোবর ভোর থেকে বরিশালের পাইকারি বাজার ইলিশে সয়লাব হয়ে যায়। পরপর ৪ দিনে ১০ হাজার মণের বেশি ইলিশ আসে এ বাজারে। এরপর আমদানি কমে একহাজার মণে নেমে এসেছে। এ অবস্থায় খুচরা বাজারে মাছের দাম কিছুটা বেড়েছে বলে জানান ক্রেতারা।
সরবরাহ কম, তাই দাম বেড়েছে বলে জানান ইলিশের পাইকারি বিক্রেতা মো. জহির সিকদার ও মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল।
প্রজনন মৌসুম শেষে ইলিশ সাগরে ফিরে যাওয়ায় মাছের সরবরাহ কমেছে বলে জানান মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস।
সোমবার (৪ নভেম্বর) ৬শ’ থেকে ৯শ’ গ্রামের ইলিশের মণ পাইকারিতে ছিল ২৭ হাজার, ১ কেজি ওজনের দাম ৩৩ হাজার মণ, ১২শ’ গ্রামের দাম ৩৭ হাজার টাকা মণ।
বার্তাবাজার/এমকে