কাদা-পানিতে ডুবে হাতির বাচ্চার মৃত্যু

পার্বত্য বান্দরবানের লামার ইয়াংছায় কাদা পানিতে ডুবে বন্য হাতির বাচ্চার মৃত্যু হয়েছে। রবিবার রাতের কোনো এক সময় ইয়াংছা সলিমুল্লাহ চৌধুরীর বাগানে বন্য হাতির এই বাচ্চাটি প্রাণ হারায়।

খবর পেয়ে সোমবার বিকাল চারটার দিকে লামা বন বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এসএম কায়সার এই খবর জানিয়েছেন।

কায়সার জানান, কোনো এক সময় বন্য হাতির পাল ওই বাগানের মধ্যদিয়ে পুকুর পার হয়। সে সময় এই বাচ্চাটি ডুবে যায়।

তিনি বলেন, আনুমানিক তিন বছর বয়সী হাতির বাচ্চাটি রোগা ছিলো। শরীরও জীর্ণশীর্ণ। শরীরে বল না থাকার কারণে আর উঠতে পারেনি।

তিনি আরো বলেন, লামা উপজেলা প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থল মৃত হাতির বাচ্চা সুরতহাল প্রতিবেদন ও ভিসেরা সংগ্রহ করেছে। সেগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম পাঠানো হবে। লামা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান ডিএফও এসএম কায়সার।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর