টিসিবির এক কেজি পেঁয়াজ কিনতে ৩-৪ ঘণ্টা অপেক্ষা

রাজধানীতে খোলা ট্রাকে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। তবে, পেঁয়াজ কিনতেও ভোগান্তির অভিযোগ করেছেন ক্রেতারা। এক কেজি পেঁয়াজের জন্য তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।

লাইনে দাঁড়িয়ে রোদে পুড়তে হচ্ছে দীর্ঘসময়। নির্ধারিত সময়ে ট্রাক না আসায় হচ্ছে এমন ভোগান্তি। ক্রেতাদের অভিযোগ, প্রতিদিন লাইন ও নিয়মের তোয়াক্কা না করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পেঁয়াজ কিনছেন।

খামারবাড়ির রাস্তায় শতশত বাস, পিকআপ আসা-যাওয়া করলেও, টিসিবির পেঁয়াজ ভর্তি পিকআপ আসেনি ঠিকসময়ে। যার আসার কথা ছিল সকাল দশটায়। সোমবার সকাল থেকে দাঁড়ানো মানুষেরা প্রায় দু’ঘন্টা পর বারোটার দিকে পেঁয়াজের ট্রাকের দেখা পায়।

কিন্তু, আগের দিন ২ কেজি করে পেঁয়াজ দিলেও, আজ দেয়া হয়েছে জনপ্রতি ১ কেজি। এমন ক্ষোভের মাঝেই সুযোগ নেন দুই আনসার সদস্য। দীর্ঘ লাইনের তোয়াক্কা না করেই পেঁয়াজ কিনেন তারা।

অন্যদিকে, সোমবার রাজধানীর পাইকারি বাজার প্রায় পেঁয়াজশুন্য। ভারতীয় পেঁয়াজ শেষ হয়েছে আগেই। মিয়ানমারের পেঁয়াজও কম আসছে। বিক্রি হচ্ছে ১১০ টাকায়। আর, দেশি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মিশরের পেঁয়াজ আসছে কদাচিৎ। কিন্তু, তাতে বাজারের সংকট কাটছে না।

ব্যবসায়ীরা বলছেন, সংকট কাটাতে আপাতত ভারতীয় পেঁয়াজের বিকল্প নেই। তা না হলে, অপেক্ষা করতে হবে দেশি পেঁয়াজের নতুন সরবরাহ পর্যন্ত।

এদিকে, বাড়তি চাহিদা সামাল দিতে জনপ্রতি ২ কেজির বদলে এক কেজি করে পেঁয়াজ দেয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানে ৩৫টি ট্রাকের মাধ্যমে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করছে সংস্থাটি। একেকটি ট্রাক দৈনিক এক হাজার কেজি করে পেঁয়াজ বিক্রি করছে। তারপরও প্রতিদিন অনেক মানুষ পেঁয়াজ না পেয়ে ফিরে যাচ্ছে।

রাজধানীর পাইকারি বাজারে আজ দেশি পেঁয়াজ ১২৫ টাকা কেজি। মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। খুচরা বাজারে দেশি পেঁয়াজ ১৩৫ থেকে দেড়শ’ টাকা আর মিয়ানমারের পেঁয়াজ ১২০ থেকে ১৩৫ টাকা কেজি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর