শীতের মৌসুমে ভারতে বড়সড় আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের জঙ্গিরা। সোমবার গোয়েন্দা তথ্যের বরাতে ভারতের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এদিকে, সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী নির্মূলে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এর মধ্যেই, জাতিসংঘ স্বীকৃত কাশ্মীরের মর্যাদা পাল্টানো যাবে না বলে হুঁশিয়ারি করেছে পাকিস্তান।
গেলো ৫ আগস্ট থেকে অবরুদ্ধ জম্মু-কাশ্মীর। অব্যাহত রয়েছে ধড়পাকড়-নির্যাতন। গণমাধ্যমের অবাধ প্রবেশাধিকার না থাকায় জানা যাচ্ছে না আসলেই কি ঘটছে। ইতোমধ্যে ৩১শে অক্টোবর জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করেছে নয়াদিল্লি। রোববার থাইল্যান্ডে এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী জানান, কাশ্মীর ইস্যুতে সরকারের সঠিক সিদ্ধান্তের জয়োধ্বনি এখন সারাবিশ্বে।
নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের মূলোৎপাটনের জন্য সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। ভারতের অতীতের সরকার, যে বিষয়গুলোকে অসম্ভব বলে হাল ছেড়ে দিয়েছিল, আমরা সেগুলো বাস্তবায়ন করছি। দেশের অখণ্ডতা, নিরাপত্তা আমাদের কাছে সবার আগে।
এর আগে শনিবার নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে ভারত। এতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের কিছু অংশ অন্তর্ভুক্ত করা হয় জম্মু-কাশ্মীরে। লাদাখে সংযুক্ত করা হয় গিলগিট ও বালতিস্তানকে। চীনের দখলে থাকা আকসাই চিনকে অন্তর্ভুক্ত করা হয় লাদাখে। মানচিত্রে পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে নয়াদিল্লি। তাদের এ দাবিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের আচরণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন। ভারতের কোনো পদক্ষেপই জাতিসংঘ স্বীকৃত কাশ্মীরের মর্যাদা পাল্টাতে পারবে না। ভারতের এই রাজনৈতিক মানচিত্র প্রত্যাখ্যান করছি আমরা।
এরমধ্যেই ভারতের গোয়েন্দারা জানিয়েছে, শীত মৌসুমে ভারতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের জঙ্গিরা। পরিকল্পনা চূড়ান্ত করতে প্রশিক্ষিত জঙ্গিদের তলব করেছেন জইশ মোহাম্মদ প্রধান মাসুদ আজহার ও লস্কর ই তইয়্যবা কমান্ডার আবু উজেইল। হামলা প্রতিহত করতে ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানায় ভারতীয় গোয়েন্দারা।
বার্তাবাজার/কে.জে.পি