অভিজ্ঞতা বাজারে কেনা যায় না: মনোজ

দিল্লিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরেছে স্বাগতিক ভারত। রবিবার ভারতের পরাজয়ের দেশটির ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা ময়নাতদন্ত শুরু করে দিয়েছেন। উঠে আসছে নানা বিষয়। অধিনায়ক রোহিত শর্মা আবার কাঠগড়ায় তুলেছেন অনভিজ্ঞতাকে। আর এই প্রসঙ্গেই মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের ক্রিকেটার মনোজ তিওয়ারি।

সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, এই ভারতীয় দলে অনভিজ্ঞতা প্রকট।’ আর সেটা মাঠে ধরাও পড়েছে। আর এটাই মানতে পারছেন না মনোজ। তিনি টুইট করে সাফ বলেছেন যে, অভিজ্ঞতা মোটেই বাজারে কিনতে পাওয়া যায় না।

ক্রিকেট মহলের একাংশ মনে করছে, এই মন্তব্যের মধ্য দিয়ে ভারতীয় নির্বাচকদের খোঁচা দিলেন তিনি। বোঝাতে চাইলেন, তারুণ্যের পিছনে ছুটতে গিয়ে অভিজ্ঞতাকে হেলাফেলা করা ঠিক হচ্ছে না।

টস হেরে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৪৮ তুলেছিল ভারত। জবাবে তিন বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে জিতে যায় বাংলাদেশ। ৬০ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন মুশফিকুর রহিম।

এর পরই টুইটে মনোজ লেখেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে এই ফলাফল জোর ধাক্কা। ক্রিকেটে এমন অবশ্য হতেই পারে। কিন্তু উন্নতি করার মতো অজস্র জায়গা রয়ে গিয়েছে। রবিবারের ম্যাচ চোখ খুলে দিল এমন লোকদের, যাঁরা মনে করেন অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যায়।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর