রাজশাহীতে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

রাজশাহীতে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই আশরাফুল খন্দকার (৪০) মারা যান।

মহানগরীর শেখের চক এলাকায় শনিবার রাতে লোহার রড দিয়ে আশরাফুলকে পেটায় বড় ভাই নুরে আলম। এ ঘটনায় বাদী হয়ে নিহতের কন্যা জান্নাতি আন্নিকা বোয়ালিয়া থানায় হত্যা মামলা করলে পুলিশ বড় ভাই নুরে আলমকে (৪৩) সোমবার গ্রেফতার করে। তারা দুই ভাই ওই এলাকার সানোয়ার হোসেনের ছেলে।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার মাকে মারপিট করছিলো আশরাফুল। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই নূর আলম ছোট ভাই আশরাফুলকে লোহার রড দিয়ে পেটায়। এসময় তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘাতক বড় ভাইকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের মেয়ে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনরা দাফনের জন্য নিয়ে গেছেন।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর