মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: পেঁয়াজের দর নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপর্যুপরি বাজার অভিযানের ফলে প্রশাসনের চোখের সামনেই বেশি দামে পেঁয়াজ বিক্রির নতুন কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে ভুয়া মূল্যতালিকা। পাইকারি দোকানের মূল্যতালিকায় পেঁয়াজের দাম ৬০-৬৫ টাকা লিখে রাখলেও বাস্তবে বিক্রি করছে ১০০ টাকার বেশি দামে।
রোববার (৩ নভেম্বর) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে র্যাব ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বাজার অভিযানে অভিনব এ কারসাজি প্রশাসনের চোখে ধরা পড়ে। র্যাব ও পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
তিনি জানান, মিয়ানমার থেকে আমদানিকৃত পেঁয়াজের মূল্য মূল্যতালিকায় ৬০-৬৫ টাকা লিখে রাখলেও বেশ কয়েকটি দোকানের হালখাতা পরীক্ষা করে দেখা যায়, মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১১০ টাকা।
এছাড়াও সিলেটগামী একটি পেঁয়াজ ভর্তি ট্রাকের চালানে দেখা যায়, অছি উদ্দিন ট্রেডার্স মূল্যতালিকায় মিয়ানমারের পেঁয়াজের দাম ৬০-৭০ টাকা লিখলেও সিলেটগামী ট্রাকের চালানে মূল্য লেখা আছে ১১০ টাকা। এরূপ প্রতারণামূলকভাবে মূল্য তালিকার কারসাজির অপরাধে অছিউদ্দিন ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একইভাবে
পেঁয়াজের দামে কারসাজি ও প্রতারণার প্রমাণ পাওয়ায় মেসার্স খাতুনগঞ্জ ট্রেডিংকে ভোক্তা ৫০ হাজার টাকা, সৌমিক ট্রেডার্স ও বেঙ্গল ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস