মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ-চট্টগ্রাম: চট্টগ্রামের আকবর শাহ থানাধীন সিডিএ এলাকা হতে দুইটি চোরাই সিএনজি সহ সিএনজি অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার চোর চক্রের সদস্যের নাম মোহাম্মদ সালাউদ্দিন প্রকাশ রুবেল। সালাউদ্দিন প্রকাশ রুবেল সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকার জানে আলমের ছেলে।
গোয়েন্দা পুলিশের অক্তিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন জানান, গত সেপ্টেম্বরে হাটহাজারী উপজেলা থেকে চুরি যাওয়া একটি সিএনজি অটো রিকশা উদ্ধারে সহায়তা চেয়েছিল হাটহাজারী থানা পুলিশ। ওই সিএনজিটি উদ্ধার করে চোরচক্রের কয়েকজনকে আটক করলে তাদের কাছ থেকে সালাউদ্দিনের নাম পাওয়া যায়। রোববার বিকালে আকবরশাহ থানার সিডিএ ১ নম্বর এলাকায় অভিযান চালালে দুইটি চোরাই সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন প্রকাশ রুবেলকে গ্রেফতার করা হয়।

আসিফ মহিউদ্দীন বলেন, সিএনজি চুরির ঘটনা প্রায় ঘটে থাকে। চোরাই সিএনজি দ্বারা ঘটে নানান অন্যায় অপকর্ম। দীর্ঘ দিন যাবত সিএনজি অটোরিকশা চোর চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ বহু অভিযান চালিয়েছে। কোথাও সিএনজি অটোরিকশা চুরির অভিযোগ পেলে পুলিশ তাৎক্ষনাত সিএনজি উদ্ধার সহ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে। বিভিন্ন এলাকা থেকে চুরি করা সিএনজি অটোরিকশা অধিকাংশ ক্ষেত্রে সন্ত্রাসী ও ছিনতাইকারীদের কাছে বিক্রি করা হয়। আর সন্ত্রাসীরা এসব সিএনজি অটোরিকশা দ্বারা চুরি, ছিনতাই সহ হত্যাকান্ডের মত মারাত্মক সব অপরাধ সংঘটন করে। তাই সিএনজি অটোরিকশা চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/ডব্লিওএস