শেরপুরে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

তারিকুল ইসলাম, শেরপুর: ‘আসুন, সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’ এই প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরে ইঁদুরের প্রতিকী মৃত্যুদন্ড কার্যকরের মধ্য দিয়ে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। ফাঁদে বন্দি একটি ইঁদুরকে বালতি ভর্তি পানিতে চুবিয়ে ইঁদুরের মৃত্যুদন্ড কার্যকরের মধ্য দিয়ে ইঁদুর নিধন অভিযানের উদ্ভোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এ উপলক্ষে খামারবাড়ীর প্রশিক্ষণ হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা ইঁদুরের ক্ষতিকরপ প্রভাব তুলে ধরে বলেন, ইঁদুর ছোট প্রাণি হলেও এর ক্ষতির ব্যাপকতা অনেক। কৃষকের উৎপাদিত ফসলের একটি বড় অংশ ইঁদুর নষ্ট করে। আমাদের দেশে ইঁদুরের কারণে প্রতিবছর দেড় থেকে দুই হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়।প্রতি বছর বাংলাদেশে ইঁদুর যে পরিমাণ খাবার নষ্ট করে তা দিয়ে দেশের প্রায় ৫০ লাখ লোকের খাবারের সংস্থান করা সম্ভব। এসময় ইঁদুর নিধনের কারণ ও কলাকৌশল সম্পর্কে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন শস্য সংরক্ষণ বিশেষজ্ঞ মো. আক্তারুজ্জামান। এতে বলা হয়, প্রতিবছর ইঁদুরের আক্রমণে বাংলাদেশে প্রায় ১০ থেকে ১২ লাখ টন খাদ্য-শস্য নষ্ট হয়।

শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর উপজেলা কৃষি অফিসার পিকন কুমার সাহা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুস সাত্তার করিম, ইঁদুর নিধনে পুরষ্কারপ্রাপ্ত ফুলপুরের কৃষক ক্বারি ফজলুল হক আকন্দ, কৃষক কবি নকলার আব্দুল হালিম, স্থানীয়ভাবে ইঁদুর নিধন প্রযুক্তি উদ্ভাবব সুলতান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, সাংবাদিক, কৃষক-কৃষানী সহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর