ঘুষখোর ও দুর্নীতিবাজদের প্রতীকি কুশপুত্তলিকায় থু থু দিয়ে ঘৃণা প্রদর্শন কর্মসূচি পালন করেছেন হানিফ বাংলাদেশি। বিভিন্ন সময় নানাভাবে প্রতিবাদ করে থাকেন এই যুবক।
আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মতিঝিল বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সোনালী ব্যাংক, সচিবালয়ের চারপাশে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে শাহবাগ গিয়ে কর্মসূচি সমাপ্ত করেন তিনি।
হানিফ বলেন, যত বাধাই আসুক, দুর্নীতির বিরুদ্ধে আমার এই আন্দোলন অব্যাহত থাকবে। আমার আন্দোলন কারো সম্মানহানির জন্য নয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। একান্তই দুর্নীতিবাজ-ঘুষখোরদের বিরুদ্ধে। যত দিন দেশে ঘুষ-দুর্নীতি থাকবে, ততদিন আমার এ আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, হানিফ বাংলাদেশী গত ২ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ঘুষ দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের প্রতিবাদে ৬৪ জেলার জেলা প্রশাসকদের স্মারকলিপি দিয়েছেন এবং জেলায় জেলায় ঘুষখোর দুর্নীতিবাজদের উদ্দেশ্যে প্রতীকি লাল কার্ড প্রদর্শন করেছেন। উক্ত কর্মসূচির অংশ হিসেবে আগামীকালের কর্মসূচি দিয়ে ৬৪ জেলার কর্মসূচি শেষ করবেন তিনি।
বার্তাবাজার/ডব্লিওএস