ডেস্ক রিপোর্ট: ফেনীর ফুলগাজীর মুন্সিরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজের সিঁড়ির নিচ থেকে হাত-পা বাঁধা এক ছাত্রকে উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আহত কাজী রিজওয়ান বিজয় মুন্সিরহাট ইউপির দক্ষিণ শ্রীপুর গ্রামের কাজী নুরুল আহাদের ছেলে ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম বলেন, রিজওয়ানকে সিঁড়ির নিচে হাত-পা বাঁধা ও আহত অবস্থায় দেখে শিক্ষার্থীরা আমাকে ফোনে জানায়। পরে তাকে হাসপাতালে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। এ ঘটনায় স্কুলের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হবে।
আহত রিজওয়ান জানায়, সকালে সে প্রাইভেট পড়তে স্কুলে আসে। প্রাইভেট পড়ে স্কুল থেকে বের হওয়ার সময় কয়েকজন লোক তাকে মারধর করে হাত-পা বেঁধে সিঁড়ির নিচে ফেলে রেখে যান।
ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার/এম.সি