এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌরসভার রায়পুর ১নং মিল গেট এলাকায় জেএসসি পরীক্ষার্থীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
শনিবার (২ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌরসভার রায়পুরে সংগীয় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে পৌরসভার রায়পুর ১নং মিল গেট এলাকার মো. আব্দুল বারী এর মেয়ে মাহফুজা খাতুন (১৫) এর সাথে কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো. ফজল আলী এর পুত্র মো. আলমগীর হোসেন (২৫) এর বিয়ের আয়োজন চলছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয় হতে জেএসসি পরীক্ষা দিচ্ছে। কনে অপ্রাপ্তবয়স্ক। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে দেন। এরপর কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন।
এ সময় সদর থানা পুলিশের সদস্যবৃন্দ ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস