এলোমেলো খেলেও মেসির গোলে বার্সেলোনা পথেই ছিল। এরপরই সাত মিনিটের দুঃস্বপ্ন। আতিথিয়েতা দিয়ে মেসিদের জালে সাত মিনিটে তিন গোল জড়িয়ে টানা সাত জয়ের পর বার্সাকে হারের স্বাদ দিয়েছে লেভান্তে।
শনিবার রাতে লা লিগায় লেভান্তের মাঠে ৩-১ গোলে হেরেছে বার্সেলোনা। মেসির একটা মাইলফলক দিয়ে গোলের শুরু করেছিল বার্সা। কাতালানদের জার্সিতে বাঁ-পায়ে ৫০০তম গোলের দেখা পেয়েছেন অধিনায়ক। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে মেসির দিনটা মাটি করে দেয় লেভান্তে।
১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এখনও লা লিগার শীর্ষেই বার্সেলোনা। তবে রাতে রিয়াল মাদ্রিদ রিয়াল বেটিসকে হারালেই চলে যাবে শীর্ষে।
ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মাইলফলকে নাম লেখান মেসি। নেলসন সেমেদেও ফাউলের শিকার হলে সুযোগ কাজে লাগিয়ে বার্সা স্বস্তিতে থেকেই বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ফিরে গোলোযোগটা বাধে। ৬১ মিনিটে বার্সার ক্লেমেন্টের ভুল পাসের সুযোগে বল পেয়ে আক্রমণ শানিয়ে সমতা টানা গোল আনেন হোসে কাম্পানা।
টের স্টেগেনকে আরেকদফা হতাশ করতে মাত্র দুই মিনিট সময় নেয় লেভান্তে। এবার বোর্জা মায়োরাল লিড এনে দেন। চার মিনিট পরেই ব্যবধান ৩-১ করে দেন নেমানজা রাডজা।
ম্যাচের ৭৪ মিনিটে একটা গোল দিয়েও মেসি ব্যবধান কমাতে পারেননি, গ্রিজম্যান অফসাইডে থাকায় সেটা বাতিল হয় বলে। তাতে ম্যাচেও আর ফেরা হয়নি বার্সেলোনার।
বার্তাবাজার/কেএ