নুসরাতের মাদরাসার জেডিসি পরীক্ষা কেন্দ্র বাতিল

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যার কেলেঙ্কারীর ঘটনায় ওই মাদরাসার জেডিসি পরীক্ষা কেন্দ্র বাতিল করা হয়েছে। ফলে সোনাগাজী বাজার থেকে চার কিলোমিটার দূরে মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে হয়েছে ৭১০ জন জেডিসি পরীক্ষার্থীকে।

এর আগে প্রতি বছর উপজেলার ১৯টি দাখিল মাদরাসা শিক্ষার্থীরা পৃথক দুটি কেন্দ্র বখতারমুন্সি ফাজিল মাদরাসা ও সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদরাসা শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মাদরাসা কেন্দ্রটি বাতিল করে মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ে স্থান নির্ধারণ করা হয়েছে। এই কেন্দ্রে ১০টি দাখিল মাদরাসার শিক্ষার্থীরা জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে।

শনিবার জেডিসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার ১৯টি মাদরাসা থেকে পৃথক দুটি কেন্দ্রে এক হাজার ২৬৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। প্রথম দিনে ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১০ জন এবং বখতারমুন্সি ফাজিল মাদরাসা কেন্দ্রে ৫২২ জন পরীক্ষার্থী জেডিসি পরীক্ষা দিয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর