মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ, চট্টগ্রাম: গরীবের ডাক্তার নামে খ্যাত ডাক্তার শাহ আলম হত্যাকান্ডে জড়িত আরো দুইজনের সন্ধান পেলো পুলিশ। আজ শনিবার(০২ নভেম্বর) নগরীর টাইগারপাস এলাকা হতে গ্রেপ্তারকৃত ১১ ডাকাতের মধ্যে দুইজন গত মাসে ডাক্তার শাহ আলম হত্যাকান্ডে জড়িত ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
এরা হলেন মোহাম্মদ সালাউদ্দিন (২৪) ও মোহাম্মদ টিটু (২৫)। কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “আজ ভোরে টাইগারপাস হতে ডাকাত চক্রের ১১ সদস্য গ্রেফতারের খবর পেয়ে সীতাকুণ্ড থানা হতে জানানো হয় গ্রেফতার ১১ ডাকাত সদস্যদের মধ্যে সালাউদ্দিন ও টিটু নামক দুইজন শাহ আলম হত্যাকান্ডে জড়িত আসামী।
শাহ আলম হত্যায় গ্রেফতাকৃত আসামি লেগুনা চালক ফারুকের জবানবন্দিতে এ দুইজনের নাম এসেছে বলে জানায় সীতাকুণ্ড থানা পুলিশ।”শনিবার ভোরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার টাইগার পাস এলাকায় অভিযান চালিয়ে ১১ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিরা এলাকায় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় ওই ব্যক্তি একজন চিকিৎসক এবং তার নাম শাহ আলম।
কুমিরা হতে রোগী দেখা শেষে রাতে লেগুনা হিউম্যান হলারে চড়ে চান্দগাঁও আবাসিক এলাকার বাসভবনে আসার পথে ছিনতাইকারীর কবলে পরেন ডাঃ শাহ আলম। যাত্রী বেশে লেগুনায় (যাত্রী পরিবহন) আগে থেকে থাকা দুই ছিনতাইকারী সহ মাঝ পথে আরো কিছু ছিনতাইকারী মিলে ডাঃ শাহ আলমকে খুন করে লাশ পুকুরে ফেলে দেয়।
ডাঃ শাহ আলম হত্যাকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম বিএমএ’র নেতৃবৃন্দ সহ ডাক্তাররা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন। ডাঃ শাহ আলম হত্যাকান্ড তদন্তে পুলিশ সর্বপ্রথম লেগুনা চালক ফারুককে চট্টগ্রাম রেল স্টেশন এলাকা হতে গ্রেফতার করে ও জড়িত অন্যান্যদের সম্পর্কে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে। পরে লেগুনা চালক ফারুক ঘটনার সাথে সম্পৃক্তদের বিষয়ে তথ্য দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারেক্তিমূলক জবানবন্দি দেয়।

ফারুকের তথ্য মোতাবেক ডাঃ শাহ আলম হত্যাকান্ডের মূল হোতা নজির আহমদ কালুকে(২৬) গ্রেফতারের উদ্দেশ্যে ২৩ অক্টোবর বাঁশবাড়িয়া এলাকায় র্যাবের একটি টহল দল অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেলে কালু ও তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে তাদের মধ্যে বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। গোলাগুলি শেষে ঘটনাস্থল হতে র্যাব অস্ত্র ও গুলি সহ একজনের লাশ উদ্ধার করে। পরে তদন্ত করে জানা যায় লাশটি ডাঃ শাহ আলম হত্যাকান্ডের মূল হোতা নজির আহমদ প্রকাশ কালুর।
ডাঃ শাহ আলম হত্যাকান্ডের মূল হোতা বন্দুকযুদ্ধে নিহতঃ অস্ত্র ও গুলি উদ্ধার
বার্তাবাজার/কেএ