গাড়ি চাপা দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যাচেষ্টা!

বগুড়ার শেরপুর উপজেলায় পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু রায়হান ডনেলকে (২২) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার শেরপুর শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আবু রায়হানকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আজ শনিবার ওই ছাত্রের বাবা আবু জিন্নাহ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, শুক্রবার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিএসসি শেষ বর্ষের ছাত্র আবু রায়হান ডনেল পারিবারিক কাজে শেরপুর শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় যান।

এ সময় পূর্বশক্রতার জেরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাঘমারা গ্রামের হামিদুল হক ভান্ডারির ছেলে হাসিবুর রহমান ও একই ইউনিয়নের শেরুয়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে সোহাগ হোসেন একটি প্রাইভেটকার নিয়ে এসে তার সামনে এসে দাঁড়ান। সেখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই চড়-থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে আশপাশের লোকজন এসে তাদের মারামারি থামান। একইসঙ্গে ডনেলকে ঘটনাস্থল ত্যাগ করে বাসায় যেতে বলেন।

এরপর ডনেল পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় হাসিবুর রহমান দ্রুত গাড়ি চালিয়ে তাকে হত্যার উদ্দেশে চাপা দেন। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন। তার বাম পা ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তী সময়ে বগুড়ায় শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইাসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এসব অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে হাসিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাকে না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

হাসিবুরের বাবা হামিদুল হক ভান্ডারি বলেন, ‘বখাটে ডনেল আমার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল মন্তব্য করায় আমার ছেলে কেবল প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ডনেল তার প্রাইভেটকার ভাঙচুর করে। এ নিয়ে তাদের উভয়ের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি।’

এ ছাড়া গাড়ি চাপা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর