চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেফতার

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ, চট্টগ্রাম: অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মোহাম্মদ মোবারক (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ী।

শনিবার (০২ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম পতেঙ্গা থানার ১০নং ওমেরা ঘাট সংলগ্ন টেকের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) মোহাম্মদ ইয়াসির আরাফাত।

গ্রেফতারকৃত মোহাম্মদ মোবারক সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আজিমপুর এলাকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ছেলে।

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাবুল আক্তার বলেন, “বিক্রির উদ্দেশ্যে মোবারক অস্ত্র নিয়ে সাতকানিয়া উপজেলা হতে শহরে আসছিলেন। পুলিশকে ফাঁকি দিতে স্কুল ব্যাগে করে একটি দেশীয় বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজসহ সাতকানিয়া থেকে চট্টগ্রাম শহরে ঢুকছিলেন মোহাম্মদ মোবারক।”

তিনি আরো বলেন, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে কর্ণফুলী শাহ আমানত সেতুতে রয়েছে পুলিশের চেকপোস্ট। যেখানে নিয়মিত সন্দেহভাজনদের সেতু পারাপারে পুলিশী জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। যা জানা থাকায় ধরা পরার ভয়ে পুলিশের চেকপোস্টের দিকে না গিয়ে নৌ পথে কর্ণফুলী নদী পাড় হয়ে ক্রসিং এলাকা দিয়ে শহরে ঢুকতে চেয়েছিলেন মোবারক। যা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে ১০নং ওমেরা ঘাট সংলগ্ন টেকের মোড়ে অবস্থান নেয়। পরে সেই এলাকা থেকে অস্ত্র সহ মোবারককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মোবারকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান এসআই মোহাম্মদ বাবুল আক্তার।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর