দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে বিএনপি।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দলের অন্যতম ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সরকারের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘকাল বিদেশে অবস্থান করছেন এবং দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
অতি সম্প্রতি তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এখন তিনি হাসপাতালে, তিনি জীবন-মৃত্যুর মাঝামাঝি। সভায় তার আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছি এবং একই সঙ্গে বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, একসঙ্গে অসুস্থ স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও আমাদের স্বাধীনতাযুদ্ধের বীরসেনানী শাহজাহান সিরাজ অত্যন্ত অসুস্থ তাদেরও আশু রোগমুক্তি কামনা করা হয়েছে।
বৈঠকে মহাসচিব ছাড়া খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কেএ