ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা দিতে প্রস্তুত বরিশাল ছাত্রকল্যাণ

মোস্তাফিজ রাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসন্ন স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা উপলক্ষে বৃহত্তর বরিশাল বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বরিশাল ছাত্রকল্যাণ সমিতি, ইবি।

ছাত্রকল্যাণের নেতৃবৃন্দ জানায়, ৪,৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বরিশাল বিভাগের যথাক্রমে- বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি এই ছয় জেলা থেকে আগত শিক্ষার্থীদের আবাসন সমস্যাসহ যাবতীয় যেকোনো সমস্যায় সহায়তা করতে পাশে থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম প্রতিষ্ঠিত এ ছাত্রকল্যাণ সমিতি। তারা ইতোমধ্যে ভর্তি পরীক্ষার্থী এবং তাদের সাথে আগত অভিভাবকদের সহায়তায় নানা ব্যবস্থা গ্রহন করেছে।

এবিষয়ে বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির সাধারণ- সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে লিফলেট লাগানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা করেছি, যাতে বরিশাল বিভাগ থেকে আগত ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী আগে থেকে যোগাযোগ করে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। এছাড়াও ভর্তি পরীক্ষার তিনদিন সর্বাত্মক সহযোগিতার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে আমাদের সেচ্ছাসেবীরা থাকবে। ভর্তিচ্ছুরা যেকোনো প্রয়োজনে তাদের পাশে পাবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে গৃহীত প্রস্তুতি সম্পর্কে সমিতির সভাপতি আমিরুল এহসান আরিফ বলেন, ভর্তি পরীক্ষার্থীরা যাতে আগে থেকে তথ্য জানতে পারে এবং পরবর্তীতে যাতে ক্যাম্পাসে এসে কোনো সমস্যা সৃষ্টি না হয় এবং সকলের কাছে এই বার্তা পৌছে দিতেই ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে থেকেই প্রস্তুতি নিয়েছি।এছাড়া বরিশাল থেকে আগত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের আবাসন নিশ্চিত করার জন্য এবারই প্রথম বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখ পাড়ায় বাসা ভাড়া নিয়েছে বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ, যা ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা পাচ্ছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ বলেন, বরিশাল বিভাগ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যে সকল ভাই ও বোনেরা আসবেন, তাদের সার্বক্ষণিক সাহায্য করতে আমরা প্রস্তুত।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর