মাদ্রাসাছাত্রকে নির্যাতনের ঘটনায় বাবা-ছেলে কারাগারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোনের রিচার্জ কার্ড চুরির অভিযোগে ৫ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনায় আব্দুল্লাহ চৌকিদার ও তার ছেলে ইসমাইল হোসেন মিলনকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে জেলা আদালত।

শনিবার দুপুরে (২ নভেম্বর) কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতে তোলা হলে জেলহাজতে পাঠানো হয়েছে নির্দেশ দেয় আদালত।

শুক্রবার (১নভেম্বর) বিকালের দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধনী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার নুর মোহাম্মদ সজিব (১২) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুর নবী মানিকের ছেলে।

নির্যাতনের শিকার শিশুটির মা খুরশিদা বেগম শেফালী জানান, আব্দুল্লাহ চৌকিদারের দোকান থেকে ১২০ টাকার মোবাইল কার্ড চুরির অভিযোগে আমার শিশু সন্তানকে ৯নং ওয়ার্ডের আব্দুল্লাহ চৌকিদার ও তার ছেলে ইসমাইল হোসেন মিলন গাছের সঙ্গে বেঁধে মহিষের রশি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছে।

খবর পেয়ে আমি তাকে উদ্ধার করে রাত সাড়ে দশটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছি। ওই শিশুর মা জানান, আমি এর সুষ্ঠু বিচার চাই।

এদিকে, অভিযুক্ত আব্দুল্লাহ চৌকিদার নিজেকে নির্দোষ দাবি করে জানান, আমি সজিবকে মারধর করিনি, বাড়ির মহিলারা মারধর করে থাকতে পারেন। বলেন, স্থানীয় ইউপি সদস্য ফজলু মেম্বার ও যুবলীগ নেতা মাহফুজ এ ঘটনার সমাধান করে দিয়েছেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর