আগামীকাল রবিবার থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের আগে স্বাভাবিকভাবে বাংলাদেশ শিবির জুড়ে ওতপ্রতোভাবে জড়িয়ে দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান।
জুড়ারির তথ্য গোপন করার অভিযোগে বর্তমানে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাকিব। তাই ভারতের বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজে খেলতে পারছেন না সাকিব। দলের সাথে না থাকলেও, সাকিবের অভাব অনুভব করবে দল এতে কোনো সন্দেহ নেই।
সিরিজ শুরুর আগেও সাকিবকে নিয়ে আফসোস রিয়াদের মুখে। প্রথম টি-টোয়েন্টির আগে আজ সংবাদ সম্মেলনে সাকিবের বিষয়ে প্রশ্ন করা হলে মাহমুদউল্লাহ বলেন, ‘আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। আমি আশা করি, উত্তরটাও চমৎকার হবে।
আমরা সাকিবকে যেভাবে ভালোবাসতাম, সেভাবেই ভালোবাসি এবং ভালোবাসব। কারন সাকিবের সাথে আমাদের যে চমৎকার সর্ম্পক রয়েছে, সে যখন দলে ফিরবে আমরা দুহাতে তাকে বুকে জড়িয়ে ধরব এবং ড্রেসিংরুমে স্বাগত জানাব।’
সাকিবের কাছ দল ব্যাটিং-বোলিং দুটি সার্ভিসই একত্রে পেয়ে থাকে। তবে সাকিবের না থাকাটা দলের অন্যান্যদের জন্য বড় সুযোগই দেখছেন মাহমুদউল্লাহ, ‘সাকিবের না থাকাটা চাপ হিসেবে নিচ্ছি না। সাকিবের অনুপুস্থিতি অন্য খেলোয়াড়দের প্রমাণের ভালো সুযোগ।
এমনকী আমার জন্যও। এটি ঠিক, সাকিবের অভাব পূরণ করা সম্ভব না। আমাদের যতটুকু সার্মথ্য আছে, আমরা যেন সেটি প্রয়োগ করতে পারি। সাকিব তো আর একদিনে তৈরি হয়নি। বিশ্বসেরা অল-রাউন্ডার দলে না থাকলে প্রভাব পড়াটাই স্বাভাবিক। ফলে একজন অতিরিক্ত ব্যাটসম্যান ও বোলারকে দলে নিতে হয়।’
দলের দুই সেরা তারকা সাকিব ও তামিম ইকবাল ভারতের বিপক্ষে সিরিজে খেলছেন না। সাকিব নিষিদ্ধ, আর তামিম ব্যক্তিগত কারণে ভারত সফরে নেই। দুই সেরা তারকার অভাব নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি শুধু এতটুকু বলতে পারি, তরুণ যারা আছেন- আফিফ, নাইম, বিপ্লব তাদের উপর আমার শতভাগ বিশ্বাস আছে।
আমার বিশ্বাস তারা ভালো পারফরমেন্স করতে পারবে। এখন এটা তাদের ব্যাপার, তারা কিভাবে চিন্তা করছে বা তাদের মানসিকতার ব্যাপার। তারপরও আমরা নিজেদের ভেতর কথা বলি। সিনিয়রদের সাথে আলাপ-আলোচনা হচ্ছে।’
বার্তাবাজার/কেএ