জেএসসির প্রথম দিনে চট্টগ্রামে অনুপস্থিত ৩৪৬১ পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শনিবার সকালে অনুষ্ঠিত বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৪৬১ জন পরীক্ষার্থী। তবে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।

এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাতেও প্রথম দিন কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় চট্টগ্রামে ৭১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১ হাজার ২৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৮ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট ২৩১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষায় ৩ হাজার ৪৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক জানান, এবারের জেডিসি পরীক্ষায় চট্টগ্রামের ৩১টি কেন্দ্রে ২০ হাজার ৩৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ৩২১ জন। অন্যদিকে ভোকেশনালে ৩ হাজার ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৩৮১ জন পরীক্ষার্থী অংশ নেন বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের এ কর্মকর্তা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর