মোস্তাফিজ রাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে হবে আকাশের মতো উদার সংস্কৃতি চর্চা বলে মন্তব্য করেছেন, উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
শনিবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত পাঁচদিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ললিতকলার জ্ঞান ও চর্চা বর্জিত একজন মানুষ শিক্ষিত হলেও ক্রমাগত সে একটি পশুতে রূপান্তরিত হয়। আমরা সুজন বিদ্বান চাই। সেকারণে শিল্পকলা চর্চার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে সুকুমারবৃত্তি চর্চা ও বোধবুদ্ধি বিকাশের জন্য আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। তিনি আরো বলেন, ইতোমধ্যে চারুকলা বিভাগ খোলা হয়েছে। আমরা সংস্কৃতি চর্চায় বর্তমান প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা কোন অন্ধকার প্রকোষ্ঠে থাকতে চাইনা।
নৃত্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ শাহিনুর রহমান। অপর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ,ভারতের নৃত্য প্রশিক্ষক সোমা গিরি প্রমুখ।
উল্লেখ্য উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিশাত উর্মির সঞ্চালনায়,অনুষ্ঠানে নৃত্য প্রশিক্ষক সোমা গিরিকে ক্রেস্ট উপহার দেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এছাড়া অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। সবশেষে নৃত্য পরিবেশিত হয়।
বার্তা বাজার/এম.সি