ইবিতে নৃত্যনাট্য “আমি স্বাধীনতা” মঞ্চস্থ

মোস্তাফিজ রাকিব, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুক্তিযুদ্ধ বিষয়ক নৃত্যনাট্য আমি স্বাধীনতা মঞ্চস্থ হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পাঁচ দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে এ নৃত্যনাট্য পরিবেশিত হয়। ইবি শিক্ষার্থীদের অংশগ্রহণে এতে নির্দেশনা প্রদান করেন ভারতের পশ্চিমবঙ্গের নৃত্য প্রশিক্ষক সোমা গিরি।

এদিকে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

এসময় তিনি বলেন, মানব সভ্যতার সূচনালগ্ন থেকেই নৃত্যকলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আসছে। আর একুশ শতকে প্রশিক্ষণ একটি অনিবার্য শব্দ হয়ে দাঁড়িয়েছে। যেকোন ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। নান্দনিক নির্মল আনন্দের একটি বিকাশ হলো নৃত্য। সুতরাং মানুষ আনন্দ করবে তার বহিঃপ্রকাশ হিসেবে নাচবে পরিশীলিত ভাবে। নাচে ব্যাকরণগত ভাবে। নাচবে অব্যাকরণগত ভাবে মনের আনন্দে।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে হবে আকাশের মত বিশাল সংস্কৃতি চর্চা এবং সেখানে নৃত্য কলা চর্চা অনিবার্য বিষয়।

নৃত্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ এবং ভারতের পশ্চিমবঙ্গের নৃত্য প্রশিক্ষক সোমা গিরি প্রমুখ।

আলোচনা সভা শেষে নৃত্য প্রশিক্ষক সোমা গিরিকে ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এছাড়া অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

জানা যায়, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম বারের মতো ২৬ থেকে ৩০ অক্টোবর নৃত্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বার্তা বাাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর