ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আপেল হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দেলওয়ার হোসেন (৩০) নামে আরও এক যুবক।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার সময় নেকমরদ-রাণীশংকৈল মহাসড়কের রবি টাউয়ার মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে আপেল হোসেন মারা গেছেন বলে মুঠোফোনে জানিয়েছেন রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।

নিহত আপেল রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং আহত দেলওয়ার হোসেন একই গ্রামের জয়েদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মান্নান জানান, নেকমরদ-রাণীশংকৈল মহাসড়কের রবি টাউয়ার মোড় সংলগ্ন এলাকায় মাইক্রোবাসটি ঘুরিয়ে গ্যারেজে নেওয়ার সময় মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী দুজনের গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় দুর্ঘটনাস্থলের পাশে অবস্থানরত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কয়েকজন কর্মী।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দুজনের অবস্থা আশংকাজনক দেখে তাদেরকে রংপুর মেডিকেল ও কলেজ হাসপাতালে রেফার্ড করে দেন। হাসপাতালে নেওয়ার পথে আপেল মৃত্যুর কোলে ঢলে পড়েন। আরেক আহত দেলওয়ার বর্তমানে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল ও কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর