প্রথম সপ্তাহে সচেতন-সতর্ক, এরপর মামলা: সেতুমন্ত্রী

নতুন সড়ক পরিবহন আইন নিয়ে প্রথম সপ্তাহে সচেতনতামূলক প্রচারণা চলবে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় কোন পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের না করে সচেতন ও সতর্ক করার আহ্বান জানান তিনি।

আজ (শনিবার) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএ’র কার্যক্রম পরিদর্শনে এসে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন সড়ক পরিবহন আইন পুরোপুরি বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমে যাবে ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। তিনি বলেন, পহেলা নভেম্বর থেকে আইন কার্যকর করা হয়েছে। এছাড়া আইন কার্যকর করার জন্য সারাদেশ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। আগামী সাতদিন এই সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এ সময় কোন পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের না করার জন্য আহ্বান জানান সড়কমন্ত্রী।

কাদের আরো বলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের বক্তব্যের সাথে বিএনপি’র বক্তব্যের মিল নেই। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি করছে। খালেদা জিয়া শারীরিক অবস্থার এমন কোনো অবনতি হয়নি যে তাকে বিদেশ পাঠাতে হবে। মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার পছন্দের ডাক্তার রয়েছে। সেই মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছেন এবং সুচিকিৎসা পাচ্ছেন।

চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে তৃণমূল পর্যায়ে শুদ্ধি অভিযান চলছে। এরইমধ্যে জেলা পর্যায়ে ও তৃণমূল পর্যায়ে ভূমি দস্যু, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী-চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এ সময় বিআরটিএর চেয়ারম্যান ডঃ আহসানুল করিম পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদসহ বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর