প্রতিবেশীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় প্রতিবেশী বন্ধুর অনুপস্থিতিতে তার স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে। বর্তমানে ওই গৃহবধু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর উপজেলার যদুপুরের এ ঘটনায় শুক্রবার (০১ নভেম্বর) রাতে থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত ওয়াশিম আলী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াশিম আলী একই গ্রামের মৃত জাফর মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার (৩০ অক্টোবর) রাতে ওই গৃহবধূর স্বামী ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এ সুযোগে তার স্বামীর দুই বন্ধু একই গ্রামের মিলন ও ওয়াশিম দুই সন্তানের জননী ওই গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করেন তারা। ওই গুহবধূ অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যান মিলন ও ওয়াশিম। পরে পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে গৃহবধূকে উদ্ধার করেন।

ওই গৃহবধূর স্বামীর অভিযোগ, মিলন ও ওয়াশিমের সঙ্গে তার ভালো সখ্যতা ছিল। সে সূত্রে তারা পরিকল্পনা করে তাকে কৃষিপণ্য বিক্রির জন্য যশোরে যেতে বাধ্য করেন। রাতে ফিরে আসতে না পারায় মিলন ও ওয়াশিম তার স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) লুৎফুল কবীর জানান, এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে শুক্রবার রাতে একটি ধর্ষণ মামলা করেছেন। রাতেই এজাহারনামীয় আসামি ওয়াশিমকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তা বাজার/ এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর