নানা আয়োজনে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার বর্ষপূর্তি উদযাপন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: বনদস্যু বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবন এখন সবার জন্য নিরাপদ। সুন্দরবন আজ শুধু দস্যুমুক্তই হয়নি, এখন জেলেরা কোনো ভয়ভীতি ছাড়াই সুন্দরবনে যাচ্ছেন।

শুক্রবার (০১ নভেম্বর) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব এর আয়োজনে বাগেরহাটের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন হাজার হাজার পর্যটক সুন্দরবনে নিরাপদে ঘুরতে পারছেন। সুন্দরবনে দস্যু দমনে সফল হয়েছে সরকার। যে কোন মূল্যে পর্যটন সম্ভাবনাময় সুন্দরবনকে আমরা নিরাপদ রাখবো। কেউ দস্যুবৃত্তি করতে চাইলে তার পরিনাম হবে ভয়াবহ। কাউকেই ছাড় দেয়া হবে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুল হক টুকু এমপি, সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ জনাব সারহান নাসের তন্ময়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা, অতিরিক্ত আইজি (প্রশাসন) মঈনুর রহমান চৌধুরী, র‌্যাবের মহাপরিচালক ড.বেনজীর আহমেদ বিপিএম (বার), কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়্যাল এডমিরাল এম মাশরাফুল হক , খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার), র‌্যাব -৬ এর খুুলনা অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মাহমুদ নূরুছসালেহিন ইউসূফ, বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ, বাগেরহাট জেলার পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদারসহ বাগেরহাটের গণ্যমান্য ব্যক্তিসহ সুন্দরবনকে দস্যুমুক্তকরণে র‌্যাবের ভূমিকা ও দস্যুদের আত্মসমর্পণের উপর নির্মিত চলচ্চিত্র ‘আপরেশন সুন্দরবন’ এর চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও অভিনেতারা।

২০১৮ সালের এইদিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছিলেন। এক বছর পরে এইদিনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরবনকে দস্যুমুক্তকরণে যারা ভূমিকা রেখেছিলেন তাদের সম্মাননা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সুন্দরবনকে দস্যুমুক্তকরণে র‌্যাবের ভূমিকা ও দস্যুদের আত্মসমর্পণের উপর নির্মিত চলচ্চিত্র ‘আপরেশন সুন্দরবন’ এর ডিজিটাল লোগো ও মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণকৃত জলদস্যুদের উপহার সামগ্রী তুলে দেন।

বার্তা বাজার/ এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর