চোট থাকলেও খেলবেন রোহিত

বিরাট কোহলি না খেলায় টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছিল রোহিত শর্মাকে। কিন্তু শুক্রবার অনুশীলনের সময় আঘাত পাওয়ায় তার খেলা নিয়েই শঙ্কা জেগেছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে, রোহিতের চোট খুব গুরুতর নয়। ফলে রোববারের ম্যাচ খেলতে সমস্যা নেই তার। অধিনায়ক হিসেবে তাকেই দেখা যাবে টস করতে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার নেটে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেব রোহিত শর্মা। নেটে থ্রো-ডাউন প্র্যাকটিস করাচ্ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। সঙ্গে ছিলেন শ্রীলংকার থ্রো-ডাউন বিশেষজ্ঞ সেনেভিরত্নে। এসময় দ্রুতগতিতে ছোঁড়া একটি বল সরাসরি তার বাম উরুতে আঘাত হানে। এরপর নেট ছেড়ে চলে যান রোহিত। পরবর্তীতে দিনের অনুশীলনে আর যোগ দেননি তিনি।

বিরাট কোহলি না থাকায় ভারতের ব্যাটিং ভরসার কেন্দ্রে রয়েছেন রোহিত শর্মা। ফলে তার চোটের ঘটনায় চিন্তায় পরে গিয়েছিলো ভারত টিম ম্যানেজমেন্ট। অনেকেই ভেবেছিলেন হয়তো প্রথম ম্যাচে দেখা যাবেনা ‘দ্য হিটম্যান’কে। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে বর্তমানে তিনি মোটামুটি সুস্থ বলেই জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। হালকা যেটুকু চোট তাতে ম্যাচে কোনো প্রভাব পড়বেনা বলেই জানিয়েছেন তারা।

রোহিতের সুস্থতার খবরে স্বস্তি ফিরেছে ভারত শিবিরে। রোববার দিল্লির অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর