খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্রসহ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), হোপ পলিটেকনিক এবং রেভারেন্ড পলস হাই স্কুল উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার সকাল ৮টায় ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয় মূলকেন্দ্রে ১ থেকে ৫১৮৪, কুয়েট উপকেন্দ্রে ৫১৮৫ থেকে ১২৫৩৩, হোপ পলিটেকনিকে ১২৫৩৪ থেকে ১৩২৫৮ এবং রেভারেন্ড পলস উপকেন্দ্রে ১৩২৫৯ থেকে ১৪৬২৩ রোল পর্যন্ত নম্বরধারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা চলছে।

দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুলের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূলকেন্দ্র সহ অন্যান্য উপ-কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীনে চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd.com) পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় ও আইসিটি সেলের তথ্যমতে, এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের অন্তর্ভুক্ত ২৯টি ডিসিপ্লিনের (বিভাগ) মোট ১২১৭ আসনের বিপরীতে ৩২ হাজার ৬৩৬ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেন। এবার ভর্তির জন্য আসনপ্রতি লড়াই করবে প্রায় ২৭ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর