জেএসসি-জেডিসিতে বসেছে সাড়ে ২৬ লাখ শিক্ষার্থী

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় সারা দেশে ২ হাজার ৯৮২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

আজ প্রথমদিন জেএসসিতে বাংলা এবং জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই পরীক্ষায় সারাদেশে অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী। এবার জেএসসি পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন। জেডিসি পরীক্ষার্থী ৪ লাখ ৯৬৬ জন। ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।

প্রশ্নপত্র ফাঁস রোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে গত ২৫ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি প্রশ্নপত্র ফাঁসের গুজবের ফাঁদে না পড়তে অভিভাবকদের প্রতি আহ্‌বান জানান।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার পরীক্ষার্থীদের ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা হবে। ইংরেজি ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমূখী শিক্ষা, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি বিষয়গুলো এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়ন করা হয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার নয় বরং আগামী বছর থেকে এই দুই পরীক্ষার ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫–এর পরিবর্তে জিপিএ-৪ হবে। এ লক্ষ্যে কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর