জুয়াড়ির সঙ্গে কেবল কথোপকথনের জন্য ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা! ক্রিকেটারদের প্রতি এটি একধরণের অবিচার। আইসিসির উচিত এই নিয়মের পুনর্বিবেচনা করা। এমন মন্তব্য তুষার ইমরান, এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটারদের।
ফিক্সিং কাণ্ডে সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব আল হাসানের প্রতি শুভকামনা জানিয়েছেন তারা। এই ঘটনায় উঠতি ক্রিকেটাররা একটি সতর্কবার্তা পাবে বলেও মনে করেন তারা।
ক্রিকেটার তুষার ইমরান বলেন, সাকিবের এ ঘটনায় আমাদের বড় ক্ষতি হয়ে গেছে। যত তাড়াতাড়ি ক্রিকেটে ফিরে আসতে পারবে তত আমাদের জন্যে ভালো, ক্রিকেটের জন্যে ভালো।
এনামুল হক বিজয় বলেন, তিনি মানসিকভাবে খুব শক্ত একজন মানুষ। তার জন্যে দোয়া করি তিনি যেনো ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালো মতো কামব্যাক করতে পারে।
আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে সাকিব আল হাসানের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন সবাই। আইসিসি দূর্নীতিবিরোধী নীতি ভাঙ্গার কারণে বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি অন্য সবার চেয়ে বেশি সমর্থন তাদের। আছে সহানুভূতি, জানিয়েছেন শুভকামনাও।
সাকিব আল হাসান যেটি করেছেন সেটি অন্যায় নাকি ভুল? এই প্রশ্নের উত্তর কেবল সাকিবই দিতে পারবেন। জুয়াড়ির সঙ্গে আলাপচারিতা চালিয়ে গেছেন তিনি, আকসুকে জানানোর নিয়ম থাকলেও সেটি মানেননি। তবে জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবে তিনি রাজি হননি এটুকু সবাই জানে।
কেবল আলাপচারিতা চালিয়ে যাওয়ার জন্য ক্রিকেট থেকেই নির্বাসনে পাঠানো, সেটি মানা কষ্টকর ক্রিকেটারদের জন্য। তাইতো আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, একইসঙ্গে এই নিয়ম পরিবর্তনের দাবি ক্রিকেটারদের।
এ বিষয়ে এনামুল হক বিজয় বলেন, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় লিগ খেলতে যায়, বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হয়ে যায়। আমার কাছে মনে আইসিসি বিষয়টা নতুন করে বিবেচনা করবে।
তবে সাকিব আল হাসানের এই ঘটনার পর উঠতি ক্রিকেটাররা অনেক বেশি সতর্ক হবে বলে মনে করেন এসব অভিজ্ঞ ক্রিকেটার। সাকিব বিহীন ভারত সফরে বাংলাদেশ দলকে শুভকামনাও জানিয়েছেন তুষার-সোহানরা।
বার্তাবাজার/কেএ