তারিকুল ইসলাম, শেরপুর: শেরপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার মুধটিলা ইকোপার্কে দিনব্যাপী নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে
শেরপুর জেলায় কর্মরত প্রাক্তন ঢাবিয়ানদের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শেরপুরের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় দেড় শতাধিক প্রাক্তন ঢাবিয়ানরা অংশগ্রহণ করেন।
সংগঠনটির আহবায়ক ও শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বক্তব্যে বলেন, শেরপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম এসএম হলের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এখন কর্মক্ষেত্রেও আমরা একই জেলায় আছি। আগামী দিনগুলোতে যেন যোগাযোগের ঘারতি না থাকে তাই অনলাইনে ফেইসবুক গ্রুপে একটিভ হওয়াসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ অনুষ্ঠানটিকে সক্রিয় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বপরিবারে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়্যেদ এ জেড মোর্শেদ আলী। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, শেরপুর সরকারি কলেজের সিনিয়র প্রফেসর ও শিক্ষকসহ জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
বিভিন্ন খেলাধূলা, উপজাতিদের নাচ-গান, কৌতুক আর সিনিয়র-জুনিয়র ঢাবিয়ানদের স্মৃতিচারণে অনুষ্ঠানটি মুুখরিত ছিল। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো বিভিন্ন স্মৃতি গাথা নিয়ে আবেগ আর আনন্দ ঘন পরিবেশ বিরাজ করে সবার মাঝে। এছাড়াও ঢাবি ক্যাম্পাসের মতো এখানে টিএসসি, মধুর ক্যান্টিন, ডাস ও হাকিম চত্তরের পাশিপাশি ছিল সেলফি কর্নার। সেখানে নানা আয়োজনে ব্যস্ত ছিলেন ঢাবিয়ানরা। সকালের নাস্তা, দুপুরের খাবার ও সন্ধ্যায় হালকা নাস্তা পরিবেশনের পাশপাশি কুপন ও বিভিন্ন আইটেমের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
বার্তাবাজার/ডব্লিওএস