নারায়ণগঞ্জের কুকুরের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বেলা এগারোটার দিকে আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ওই বৃদ্ধের নাম। আব্দুল ওহাব (৬০)। তিনি ওই এলাকার মৃত স্বপন আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওহাব আলী বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি পাগলা কুকুর হঠ্যাৎ তার একটি পায়ে পর পর দুইটি কামড় বসিয়ে দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এলাকাবাসীর ধারণা, বৃদ্ধ আব্দুল ওহাব দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে ভুগছিলেন। রোগ প্রতিরোধ ক্ষমতাও তার কমে এসেছিল। এ অবস্থায় পাগলা কুকুরের কামড়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আরিফ জানান, ফাউসা এলাকা থেকে কুকুর কামড় দেয়া এক বৃদ্ধকে আনা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, স্থানীয় কয়েকজন সাংবাদিকের কাছ থেকে বিষয়টি শুনেছি। তবে তারা ওই ব্যক্তির নাম পরিচয় ও ঠিকানা স্পষ্টভাবে বলতে না পারায় পুলিশ পাঠাতে পারি নি। তারপরেও বিষয়টি নিশ্চিত হতে আমি খোঁজ-খবর নিচ্ছি।
বার্তাবাজার/ডব্লিওএস