জ্যান্ত শিশুকন্যাকে পুঁতে ফেলার চেষ্টার সময় হাতেনাতে ধরা পড়েছে দুই ব্যক্তি। অঘটন ঘটে যাওয়ার আগেই শিশুটিকে উদ্ধার করতে পেরেছে পুলিশ। ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কন্যাসন্তান হওয়াতেই তারা এমন পদক্ষেপ নিতে গিয়েছিলেন বলে সন্দেহ পুলিশের।
গতকাল বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদের জুবিলি বাসস্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ বলছে, ওই দিন সকালে অভিযুক্ত দু’জনের ওপর নজর পড়ে এক অটোচালকের। হাতে ব্যাগ নিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠের এক পাশে মাটি খুঁড়ছিলেন তারা।
অভিযুক্তদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন ওই অটোচালক। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশের একটি দল। ব্যাগে কী আছে জানতে চাইলে অভিযুক্তরা জানায়, জটিল অস্ত্রোপচার চলাকালীন তাদের নাতনির মৃত্যু হয়েছে। কিন্তু বাসে-ট্রেনে মরদেহ নিয়ে আসা সম্ভব নয়। তাই কম্বলে মুড়ে, ব্যাগে করে আনা হয়েছে।
কিন্তু ব্যাগ পরীক্ষা করতে গিয়ে পুলিশ দেখে, দিব্যি বেঁচে আছে শিশুটি। ঘটনার সময় মোবাইলে ধারণ করা ভিডিওতেও শিশুটিকে নড়াচড়া করতে দেখা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
শিশুটিকে উদ্ধার করে স্থানীয় গান্ধী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ওই দু’জনকে। তারা করিমনগর জেলার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় থানার কনস্টেবল এস বেঙ্কট রামকৃষ্ণ জানান, ধৃতদের মধ্যে একজন মেয়েটির দাদা, অপরজন চাচা।
কন্যাসন্তান হওয়াতেই তারা এমন পদক্ষেপ নিতে গিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই দু’জনকে।
An alert Auto driver not only saved life of a newly born baby girl but also nabbed two person while they were trying to bury the infant alive. Police suspect a case of female infanticid. #Hyderabad pic.twitter.com/RJp9IOIWGQ
— Aashish (@Ashi_IndiaToday) October 31, 2019
বার্তাবাজার/কেএ